সৌদি আরবে কয়েক দশক ধরে বসবাস করা ৫৪ হাজার রোহিঙ্গাকে দেশটি ফেরত পাঠাবে না বলে পুনরায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। খবর ইউএনবি’র।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সৌদি সরকার আমাদের বলেছে যে যদি আমরা (রোহিঙ্গাদের) পাসপোর্ট দেই তাহলে তাদের উপকার হবে। কারণ তারা (সৌদি আরব) রাষ্ট্রহীন মানুষ রাখে না।”

পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের অনুরোধের বিষয়টি খতিয়ে দেখতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

“এর মানে এই নয় যে সৌদি সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে,” বলেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বছর আগে, প্রায় ৩৯ থেকে ৪০ বছর, তখনকার সৌদি কর্তৃপক্ষ দুর্দশা দেখে রোহিঙ্গাদের নিয়ে গিয়েছিল। তাদের কোনো পাসপোর্ট ছিল না এবং তারা আরবিতে কথা বলেন।

বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছেন। তারা বিভিন্ন সময়ে মিয়ানমার কর্তৃপক্ষের নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে এ দেশে আশ্রয় নেন।

এমবি