হবিগঞ্জ শহর থেকে নিখোঁজ হওয়ার ১৪ দিন পর শহরতলীর বহুলা হাওর এলাকা থেকে বেলাল মিয়া (১৫) নামে এক কিশোরের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ১টায় একটি দেওয়াল ঘেরা স্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত বেলাল হবিগঞ্জ পৌরসভার উত্তর শ্যামলী এলাকার ইদু মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারি চালিত ইজিবাইকের চালক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ১৩ জুলাই বিকাল থেকে রফিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় রফিকের বাবা ইদু মিয়া হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রোববার সকালে স্থানীয় লোকজন বহুলা হাওর এলাকার একটি দেওয়াল ঘেরা বাড়ির পাশে রফিকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে, ময়নাতদন্ত প্রতিবেদনের আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।
ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর





