লক্ষ্মীপুর সদরের বাঁঙ্গাখা ইউনিয়ন থেকে জসীম উদ্দিন নামে এক যুবলীগ কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার জুমার নামাজের পরে উপজেলার পূর্ব বাঁঙ্গাখা গ্রামের পূর্বালী ইটভাটা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত জসীম উদ্দিন একই গ্রামের মো: মোস্তফার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুরে ওয়াহিদ উদ্দিনের পূর্বালী ইটভাটায় একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহতের ভগ্নিপতি শাহ আলম জানান, গতকাল সকালে মোবাইল ফোনে জসীম উদ্দিনকে ডেকে নেয়া হয়। এরপর তার আর বাড়ী ফেরা হয়নি।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু নিহত জসীম উদ্দিনকে আওয়ামী লীগ সমর্থিত যুবলীগ কর্মী বলে দাবী করেন।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, নিহত জসীম উদ্দিন কিছু মাদক সেবী লোকদের সাথে চলাফেরা করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
ঢাকা, ১৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





