রাজশাহীর দুর্গাপুরে র‌্যাব পরিচয়ে বাড়িতে ডাকাতির চেষ্টাকালে তিন দুর্বৃত্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে তারা বসত বাড়িতে প্রবেশ করলে লোকজনের সন্দেহ হয়। পরে তাদের আটক করে গণধোলাই দেওয়া হয়।

এরা হলো, রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের হেকমত আলীর ছেলে শফিকুল ইসলাম আদর একই উপজেলার উজানখলশী গ্রামের আবুল কাশেমের ছেলে জামিল হোসেন ও বাগমারা উপজেলার ভাগনপুর গ্রামের হযরত আলী মোল্লার ছেলে জাহিদ হাসান।

পুলিশ জানায়, রাত সোয়া ১০ টার দিকে উপজেলার পুরাতন পল্লী বিদ্যুত অফিস সংলগ্ন আবদুল হামিদের বাড়িতে প্রবেশ করে প্রথমে দুর্বৃত্তরা র‌্যাব সদস্য পরিচয় দেয়। এসময় হুমকি ধামকি দিয়ে কিছু টাকা হাতিয়ে নিয়ে পাশের হেলাল ও এনামুল স্বর্ণকারের বাড়ীতে ঢুকে সেখানেও ভয় ভীতি দেখায় তারা।

তবে তাদের আচরণে সন্দেহ হলে স্বর্ণকার হেলাল কৌশলে বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশীদের সহায়তায় তাদের আটক করে। এসময় তারা র‌্যাবের সোর্স পরিচয় দিলে এলাকাবাসী গণধোলাই দিয়ে দুর্গাপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

রাজশাহীর দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) শিশির কুমার কর্মকার জানান, আটককৃতরা র‌্যাব পরিচয়ে বাড়িতে ঢুকে ভয় দেখিয়ে টাকা আদায় করছিলো। এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলার পর শুক্রবার সকালে তাদের আদালতে দেয়া হবে।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই