যশোরের অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুলকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। এই হামলায় বাবুল প্রাণে রক্ষা পেলেও বোমার স্প্রিন্টারে তার একটি পা ক্ষত-বিক্ষত হয়েছে।
আওয়ামী লীগ নেতাকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে দলীয় নেতাকর্মীরা আজ বুধবার বেলা সোয়া ১১টা থেকে যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া অংশে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে । অবরোধের ফলে যশোর খুলনা সড়কে সব রকমের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। তিনি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শাহী মসজিদে যাচ্ছিলেন। মসজিদ থেকে ২০০ গজ দূরে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা বাবুলকে লক্ষ্য করে বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। অল্পের জন্য এই বোমা হামলা থেকে প্রাণে রক্ষা পান এনামুল হক বাবুল। কিন্তু বোমার স্প্রিন্টারে বাবুলের বাম পা ক্ষত বিক্ষত হয়। গুরুতর আহত অবস্থায় বাবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে এই বোমা হামলার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন দলীয় নেতাকর্মীরা। তারা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
এক পর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে ক্ষুব্ধ নেতাকর্মীরা নওয়াপাড়া বাজারে যশোর খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে নেতাকর্মীরা সড়কের উপর নওয়াপাড়া বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে।
ঢাকা, ০৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





