লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- শাহাদাত হোসেন ও খোরশেদ আলম।

আজ (০৫ ডিসেম্বর) বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, দুই দল সন্ত্রাসীদের মধ্যে সংঘটিত গোলাগুলিতে তারা নিহত হয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত ও বড়ইতলা গ্রামের তোফায়েল আহমেদের ছেলে খোরশেদ।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকায় গোলাগুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখানে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, দুই দল সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় তারা নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ১টি বন্দুক, ৪ রাউন্ড গুলি, ৫টি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।   

এমবি