রেলপথে যাত্রা নির্বিঘ্ন করতে আসছে ঈদুল আজহায় রেল লাইনের পাশে কোনো গরুর হাট নয়। এজন্য পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী প্রমুখ।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, আগামী ঈদে রেলপথে যাত্রীদের ভোগান্তি কমাতে করণীয় ঠিক করতে মন্ত্রণালয়কে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে। ঈদের সময় যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ট্রেন ও বগির ব্যবস্থা করতে বলা হয়েছে। একই সঙ্গে এবার রেল লাইনের পাশে কোনোভাবেই যেন গরুর হাট না বসে সেদিকে খেয়াল রাখার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

একই সঙ্গে রেলের শূন্য জনবল নিয়োগে সব রকম আইনি বাধা দূর করে দ্রুত জনবল নিয়োগের সুপারিশ করেছে কমিটি।

কমিটি ট্রেনের দুর্ঘটনা রোধে দুর্ঘটনার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করে তা প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশও জানিয়েছে।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, মহাপরিচালক এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেআই