আলোচিত ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল গ্রেফতারের ৮ মাস পর কারামুক্ত হয়েছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। দুপুর পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন তিনি।

শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক এই তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল অত্যন্ত ক্লান্ত বলেও জানান পলক। তিনি বলেন, সুস্থ বোধ করলে সবার সঙ্গে কথা বলবেন।

গত ১১ মার্চ পুরনো ঢাকার চকবাজার এলাকায় বাসা থেকে বের হয়েই ‘নিখোঁজ’ হয়েছিলেন শফিকুল ইসলাম কাজল।

তিনি নিখোঁজ হওয়ার ৫৩ দিন পর গভীর রাতে যশোরে বেনাপোল সীমান্তের একটি মাঠ থেকে তাকে উদ্ধার করার কথা বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে।

তখন এই সাংবাদিককে দুই হাত পেছনে দিয়ে হাত কড়া লাগিয়ে আদালতে নেয়ার ছবি ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল।

এরপর তেসরা মে থেকে থেকে তিনি কারাগারে ছিলেন।

তবে তিনি নিখোঁজ হওয়ার আগেই গত ১০ মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর সাংবাদিক কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন ঢাকার শেরেবাংলা নগর থানায়।

যুব মহিলা লীগের দু’জন নেত্রীও তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দু'টি মামলা করেছিলেন।

কয়েকটি মামলায় গত তেসরা মে তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।

গত ১৭ ডিসেম্বর হাইকোর্ট দু’টি মামলায় তাকে জামিন দিলে তার মুক্তির সুযোগ তৈরি হয়। পক্ষকাল নামে একটি ম্যাগাজিনের সম্পাদক শফিকুল ইসলাম কাজল একই সাথে দৈনিক খবরের কাগজ বণিক বার্তার আলোকচিত্রী হিসেবে কাজ করতেন।

এমবি