বাগেরহাটে হত্যা মামলায় বিএনপি নেতাসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

২০০৭ সালের একটি হত্যা মামলায় সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ রায় ঘোষণা করেন।

অভিযোগ প্রামণিত হওয়ায় ৩০২/৩৪ ধারায় দণ্ডপ্রাপ্ত চার আসামীর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আর এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় দু’জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামীরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য ওহিদুজ্জামান ওরফে ওহিদ, মিলন শেখ, ইব্রাহিম শেখ ও হেলাল আকন। তাদের সবার বাড়ি বাগেরহাট শহরের হরিণখানা এলাকায়।

খালাসপ্রাপ্তরা হলেন- চ্যানেল-২৪ এর বাগেরহাট প্রতিনিধি আরিফুল ইসলাম ও দুলাল আকন। তাদের বাড়িও হরিণখানা এলকায়।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০০৭ সালের ২৫ মে বাগেরহাট শহরের হরিণখানা গ্রামের মৃত. মীরাজ উদ্দিন গাজীর ছেলে আব্দুর রাজ্জাক শেখ ওরফে কালাই খোকন ওরফে কালা গাজীকে চোর সন্দেহে গণপিটুনি দেয় তৎকালীন পৌর কাউন্সিলরসহ স্থানীয়রা। গণপিটুনিতে আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই ঘটনায় নিহত রাজ্জাকের ভাই লুৎফর রহমান গাজী বাদী হয়ে ওই দিনই বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই বছরের ২৩ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা বাগেরহাট থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম আলী ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

কেএইচ