গাজীপুর জেলার কালিয়াকৈড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি বাস ও একটি পিকআপভ্যানের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। কালিয়াকৈড়ের হরতুকিরতলা এলাকায় বুধবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস, ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস ও একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এসময় বিনিময় পরিবহনের বাসটি পিকআপভ্যানসহ পাশের দোকানে ঢুকে পড়ে। সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। ওই সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে পাঠান।

আহতদের মধ্যে কামাল (২৫), আনোয়ার (২৩), লিয়াকত (৪০), রফিকুল (২৫), রোজিনা বেগম (৪০), বিউটি দত্ত (২৮), রাবেয়া (২৪), শাকিল (২৩), যূথি (২৫), শাহজাদা (২৯) ও জামাল উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোণাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

জেআই