যশোর সদরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর দিয়ে পুলিশ বলেছে, ‘দুই দল ডাকাতের গোলাগুলিতে’ তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে সদর উপজেলার নোঙ্গরপুরে মাগুরের সড়ক থেকে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করা হয় বলে যশোর কোতোয়ালি থানার এসআই মাহবুব জানান।
তিনি বলেন, দুই দল ডাকাতের ‘বন্দুকযুদ্ধের’ খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
“তারা দেখতে পায়, রাস্তার ওপর ৪/৫টি গাছ কেটে ফেলে রাখা হয়েছে। দুই পাশে দাঁড়িয়ে আছে গাড়ি। ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।”
ওই ব্যক্তিকে যশোর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই মাহবুব।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ বলেন, “কোতোয়ালি থানা পুলিশ ভোরে গুলিবিদ্ধ একটি মরদেহ নিয়ে আসে হাসপাতালে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”
এসআই মাহবুব বলেন, নিহত ওই ব্যক্তির পরিচয় তারা সকাল পর্যন্ত জানতে পারেননি।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, তিনটি গুলি, চারটি দা ও তিন জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।





