বান্দরবানের রুয়াংছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর টহলদলের ওপর কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন নিহিত হয়েছেন। এ ঘটনায় আহত দুই সেনা সদস্য চিকিৎসাধীন। গত রবিবার দুপুর আনুমানিক ১টায় এ হামলার ঘটনা ঘটে। আজ সোমবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত রবিবারের ঘটনা সম্পর্কে আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় শিশু দিবস-২০২৩ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশে সেখানে যাওয়া একটি দলের নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যদের ওপর দুপুর আনুমানিক ১টায় কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সশস্ত্র সন্ত্রাসী দল অতর্কিত গুলিবর্ষণ করে। এ ঘটনায় সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং দুজন সেনা সদস্য আহত হন। আহত দুই সেনা সদস্য বর্তমানে চিকিৎসাধীন।

নিহত মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন সম্পর্কে জানানো হয়, তিনি ৩০ বছর যাবৎ অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারির সাথে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তাঁর পিতার নাম মৃত শমসের আলী। তিনি রংপুর সদরের ঘাঘটপাড়া গ্রামের বাসিন্দা। দেশমাতৃকার সেবায় তাঁর এই মৃত্যুতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

এইচএম