কৃষক বাঁচাও ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচাও এলসি’র মাধ্যমে বিদেশ থেকে নিম্নমানের ভুট্টা আমদানি বন্ধ কর এই স্লোগানকে সামনে রেখে দেশে উৎপাদিত ভুট্টার ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার ভুট্টা চাষী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
মঙ্গলবার সকাল ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে এমানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর স্মারকলিপি গ্রহণ করেন। কর্মসূচীতে জেলার অর্ধ শত ভুট্টা চাষী ও ক্ষুদ্র ব্যবসায়ীবৃন্দ অংশ নেন।
মানববন্ধনের আগে কৃষক ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত-অবিক্রিত ভুট্টা মহাসড়কে ফেলে দিয়ে বিদেশ থেকে নিম্নমানের ভুট্টা আমদানীর তীব্র প্রতিবাদ জানান।
স্মারকলিপিতে বলা হয়, কৃষকদের কাছ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা ভুট্টা কিনে স্থানীয় ফিড মিলে সরবরাহ করে থাকে। বর্তমানে ফিড মিল মালিকগণ শুল্কমুক্ত নিম্নমানের ভুট্টা বিদেশ থেকে আমদানি করছে। দেশে উৎপাদিত ভুট্টা ক্রয় করা থেকে বিরত রয়েছে। এর ফলে ভুট্টা চাষীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন এবং ভুট্টা চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে দেশে প্রচুর পরিমাণে ভুট্টা উৎপাদন হয়। ভুট্টা আমদানির কোন প্রয়োজন নেই। ফিড মিল মালিকগণ দেশের বাইরে থেকে ভুট্টা আমদানি বন্ধ না করলে দেশের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীগণ ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। কৃষকরা জানান, পাঁচ একর জমিতে ভুট্টার আবাদ করে দেড় লাখ টাকা লোকসান হয়েছে। গত বছর প্রতি কেজি ভুট্টার বিক্রি হয়েছিল ২০/২১ টাকা। এবার ১৪/১৫ টাকার বেশি দাম পাওয়া যাচ্ছে না।
মানববন্ধন কর্মসূচিতে ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ ইউনুস শেখ, আকতার হোসেন, জীতেন্দ্র নাথ বণিক, মোশাররফ হোসেন, মনির হোসেন, কৃষক আব্দুল করিম, আব্দুল কাদের, নাসিরউদ্দিন মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক মো. সহিরউদ্দিন জানান, জেলায় ভুট্টার আবাদ ও উৎপাদন বেড়েছে। চলতি মৌসুমে জেলায় এক হাজার হেক্টর জমিতে সাত হাজার ১৭০ মেট্রিক টন ভুট্টার উৎপাদন হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৯৭৮ হেক্টর জমিতে পাঁচ হাজার ৮৬৮ মেট্রিক টন ভুট্টা।
কাজী ফামর্স গ্রুপের পঞ্চগড় অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান বলেন, আমরা ভুট্টা আমদানি করছি না। অন্য ফার্মের কথা বলতে পারি না। আমরা দেশে উৎপাদিত ভুট্টা কিনে দেশের ভুট্টা চাষিদের উৎসাহিত করছি।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





