মানিকগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে আন্দোলনরত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলের আঘাতে পৌর মেয়র রমজান আলীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে পৌর মেয়র রমজান আলীর নেতৃত্বে গ্যাসের দাবিতে আন্দোলনরত জনগণ তিতাস গ্যাসের মানিকগঞ্জ কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশে মিছিল বের করে। মিছিলটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, রাবার বুলেট ও শতাধিক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। এতে মেয়র রজমান আলী গুলিবিদ্ধ হয়ে আহত হন। এছাড়া সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় চলে এ সংঘর্ষ। আহতদের মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে মেয়র রমজান আলী ঘোষণা দেন, মানিকগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা না হলে আগামী মাস থেকে মানিকগঞ্জের কোনো গ্রাহক গ্যাসের বিল দেবে না। এসময় তিনি ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শহর অচল করার হুমকি দেন।

এদিকে পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার মানিকগঞ্জ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা নাগরিক কমিটি।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ