ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামনে ত্রিশাল-সলিমপুর সড়ক সংস্কারের দাবিতে সড়কের কাদায় ধানের চারা লাগিয়ে, মাছ ছেড়ে ও শুয়ে থেকে প্রতিবাদ করেছে এলাকাবাসী।
শনিবার সকাল ১০টার দিকে নামাপাড়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের ২নং ফটকের সামনে সড়কে বিভিন্ন জাতের মাছ ছেঁড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানান।
এলাকাবাসী, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে পৌরসভার অন্তর্ভুক্ত নামাপাড়া এলাকায় অবস্থিত জাতীয় কবিকাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত দুই কিলোমিটার পাকা সড়ক বেশ কয়েক বছর ধরে বেহাল থাকলেও সংস্কার করছে না পৌরসভা।
সড়কটি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজার শিক্ষার্থী ও এলাকার কয়েক হাজার লোক প্রতিদিন চলাচল করে। সম্প্রতি কয়েক দিন বৃষ্টি হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে গর্তে পানি জমে কাদার সৃষ্টি হয়েছে।
গতকাল দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত এলাকার কিছু সংখ্যক লোক বিশ্ববিদ্যালয়ের ২নং ফটকের সামনে সড়কের দুই দিকে বাঁশ বেঁধে যানচলাচল বন্ধ করে দেয় এবং ধানের চারা লাগিয়ে ও কাদায় শুয়ে থেকে প্রতিবাদ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ও একাধিক শিক্ষক পাশে দাঁড়িয়ে থেকে তাদের সমর্থন জানান।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক আল জাবির বলেন, ‘সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য স্থানীয় লোকজন ও হাজার হাজার শিক্ষার্থী চলাচল করে। এটি সংস্কার হওয়া জরুরি বলে এলাকাবাসীর প্রতিবাদ কর্মসূচির পক্ষে আমারও সমর্থন আছে।’
ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান বলেন, পানি জমে থাকায় কাদার সৃষ্টি হয়। সড়কটি সংস্কারের জন্য আগামী মাসেই দরপত্র ডাকা হবে।
এমকে





