সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের বাসায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর লামাবাজারস্থ তার বাসভবনে এ হামলা চালানো হয়। এ সময় গান পাউডার দিয়ে বাসায় আগুন দেয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ককটেল বিস্ফোরণের কথা অস্বীকার করে পুলিশ জানিয়েছে, বাসা থেকে গান পাউডার ভর্তি একটি বোতল (এনার্জি ড্রিংকসের বোতল) উদ্ধার করা হয়েছে।

দিলদার হোসেন সেলিম বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে ১৫-২০টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা তার বাসায় হামলা চালায়। তারা বাসা ভাঙচুর করে একটি ককটেল নিক্ষেপ করে। পালিয়ে যাওয়ার সময় একটি বোতল (এনার্জি ড্রিংকসের বোতল) ভর্তি গান পাউডার আমার বাসায় নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে দুর্বৃত্তদের কাউকে চিনতে পারিনি।’

গান পাউডার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গান পাউডার ভর্তি বোতলটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে বিএনপির ওই নেতার বাসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

জেএ