পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ২৯ জুলাই থেকে। অগ্রিম টিকিট বিক্রি চলবে ২ আগস্ট পর্যন্ত। এবার ঢাকার পাঁচটি স্থান থেকে টিকিট বিক্রি করা হবে।
আজ (২৩ জুলাই) মঙ্গলবার রাজধানীর রেলভবনে ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এই কথা জানান।
রেলের ফিরতি টিকিট বিক্রি ৫ আগস্ট শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে বলেও জানান মন্ত্রী।
রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানান, অর্ধেক টিকিট কাউন্টার থেকে এবং বাকি অর্ধেক টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
তিনি জানান, রাজধানীর পাঁচটি স্থান- কমলাপুর, এয়ারপোর্ট, বনানী ও তেজগাঁও রেলওয়ে স্টেশন এবং ফুলবাড়িয়া থেকে টিকিটগুলো বিক্রি করা হবে।
মন্ত্রী জানান, উল্লেখিত কাউন্টারগুলোতে আগামী ৭ আগস্টের টিকিট ২৯ জুলাই, ৮ আগস্টের ৩০ জুলাই, ৯ আগস্টের ৩১ জুলাই, ১০ আগস্টের ১ আগস্ট এবং ১১ আগস্টের টিকিট ২ আগস্ট পাওয়া যাবে।
অপরদিকে, ফিরতি পথের জন্য আগামী ৫ আগস্ট ১৪ আগস্টের, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট পাওয়া যাবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে এবং একজন যাত্রী সর্বোচ্চ চার জনের টিকিট ক্রয় করতে পারবেন বলে জানান মন্ত্রী।
বরাবরের মতো এবারও একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না জানিয়ে রেলমন্ত্রী বলেন, ঈদের অগ্রিম বিক্রীত টিকিট ফেরত নেয়া হবে না। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।
এমবি





