রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনের মেয়র পদে জয়লাভ করেছেন বিএনপির মো. আব্দুর রাজ্জাক। প্রায় এক যুগের মেয়র আওয়ামী লীগের মো. আক্কাছ আলীকে এক হাজার ৫২৬ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র পদে বিজয়ী হন রাজ্জাক।
গতকাল বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন বাঘা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহী জেলা নির্বাচন অফিসার মো. আতিয়ার রহমান।
ঘোষিত ফলাফলে দেখা যায়, বাঘা পৌরসভায় বিএনপির প্রার্থী আব্দুর রাজ্জাক ধানের শীষ প্রতীক পেয়েছেন ১২ হাজার ২২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী আক্কাছ আলী পেয়েছেন ১০ হাজার ৭০২ ভোট।
কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, চক ছাতারিতে বিএনপির প্রার্থী এক হাজার ২০ ভোট ও আওয়ামী লীগ প্রার্থী ৫৫৭ ভোট, ছাতারি কেন্দ্রে বিএনপি এক হাজার ৬১৩ ভোট ও আওয়ামী লীগ ৯৯৮ ভোট, বাঘা মাদ্রাসা কেন্দ্রে বিএনপি ৭৬৫ ভোট ও আওয়ামী লীগ ৬৭৮ ভোট, বাঘা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি এক হাজার ৬৫৯ ভোট ও আওয়ামী লীগ ৬৩৩ ভোট, বানারিপাড়া কেন্দ্রে বিএনপি এক হাজার ২৬০ ভোট ও আওয়ামী লীগ এক হাজার ১৩৩ ভোট, গাওপাড়া মাদ্রাসা কেন্দ্রে বিএনপি এক হাজার ৫৯৩ ভোট ও আওয়ামী লীগ এক হাজার ১৯৪ ভোট, মুর্শিদপুর কেন্দ্রে বিএনপি এক হাজার ৩০৮ ভোট ও আওয়ামী লীগ ৮৮২ ভোট, নারায়ণপুর কেন্দ্রে বিএনপি এক হাজার ২৮৪ ভোট ও আওয়ামী লীগ এক হাজার ৪৩৩ ভোট, পাকুড়িয়া কেন্দ্রে বিএনপি ৮৬৫ ভোট ও আওয়ামী লীগ এক হাজার ৪৩৩ ভোট এবং কালিদাসখালি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ৮৬১ ভোট ও আওয়ামী লীগ প্রার্থী এক হাজার ৭৭৮ ভোট পেয়েছেন।
২০০১ সালে বাঘা পৌর নির্বাচনের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মো. আব্দুর রাজ্জাক। পরবর্তীতে ২০০৬ সালের নির্বাচনে মাত্র ২৬৬ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের মো. আক্কাছ আলীর কাছে পরাজিত হয়েছিলেন তিনি। আব্দুর রাজ্জাক বর্তমানে জেলা বিএনপির সদস্য।
বাঘা উপজেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার মুজিবুল আলম বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এই পৌরসভায় নয়টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে মোট ভোটার ছিলো ২৭ হাজার ৭৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১৭ ও নারী ভোটার ১৩ হাজার ৭৭২ জন।
এমআর





