পাবনা সদর উপজেলার মালিগাছা মজিদপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকের মালিক আব্দুল জলিল মোল্লা (৫০) ও চালক নুরুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম সদর উপজেলার শালগাড়ীয়া তালবাগান এলাকার বাদল প্রামণিকের ছেলে এবং আব্দুল জলিল উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে পাবনা-ঈশ্বরদী সড়কের মালিকগাছা মজিদপুর এলাকায় ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এসময় রাজশাহী থেকে আসা একটি কাভার্ডভ্যান পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নুরুল ইসলাম ও মালিক আব্দুল জলিল মোল্লার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করে। তবে কাভার্ডভ্যানের চালককে আটক করতে পারেনি।
পাবনা সদর থানার পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





