সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আলাদা উচ্চ বিভাগ গঠনের দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
 
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এক সঙ্গে কাজ করে না বলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। মন্ত্রণালয়গুলো কেউ কারো কথা শুনে না। তারপর আছে আমলাতান্ত্রিক জটিলতা। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় নিয়ে একটি উচ্চ পর্যায়ের বিভাগ গঠন প্রয়োজন।

তিনি বলেন, এই উচ্চ পর্যায়ের বিভাগ গঠনে ৫ বছরের জন্য অর্থায়ন দিতে রাজি আছে এডিবি। এই বিভাগ গঠন করা হলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যহারে কমে যাবে। সেই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থরা প্রয়োজনীয় সহায়তা পাবে।

গত ২০১৩-১৪ অর্থবছরে নিসচার জন্য পৃথক ২০ কোটি টাকা বরাদ্দ থাকলে নানা জটিলতায় এই  টাকা উত্তোলন করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, চলতি অর্থবছরে নিসচার জন্য কোনো বরাদ্দ দেওয়া হয়নি।

ইলিয়াস কাঞ্চন আরো বলেন, নিসচার পরিসংখ্যান অনুসারে প্রতিবছর ১৩-১৪ হাজার ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে। আর আহতের সংখ্যা ২৫-৩০ হাজার। কিন্তু সরকারের হিসেব উল্টো।

তিনি বলেন, ২০১৩ সালে সরকারি হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ২ হাজার। কিন্তু নিসচার হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ৭ হাজার। সরকার জাতিসংঘকে দেখানোর জন্য নিহতের সংখ্যা কম করে প্রকাশ করছে।

সংবাদ সম্মেলন আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

কর্মসূচির মধ্যে রয়েছে ২২ অক্টোবর বেলা ১১টায় নিসচার কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত র‌্যালি এবং র‌্যালি শেষে সমাবেশ। র‌্যালিতে সড়ক পরিবহণ ও সেতু বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন।

ওই দিন দুপুরে নিসচা নেতৃবৃন্দ বনানীতে মরহুম জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, নিসচার ৬০টি শাখার উদ্যোগে ওই দিন দেশব্যাপী একই সময়ে র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হবে।

এসময়  সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, মালিক, যাত্রীসহ দেশবাসীর প্রতি সচেতন হওয়ার আহবান জানান ইলিয়াস কাঞ্চন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নিসচার সহ সভাপতি ও চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, শামিম হোসেন প্রমুখ।

জেআই