কুমিল্লায় বাস শ্রমিক নেতাদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মহানগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনালের শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। এছাড়া টার্মিনালের সামনের সড়কে অবরোধ সৃষ্টি করা হয়েছে।
এতে কুমিল্লা মহানগরী থেকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও চট্টগ্রামসহ দক্ষিণ পূর্বাঞ্চলের ১০টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল থেকে বাস শ্রমিকরা এ কর্মবিরতি শুরু করে। এতে ওই সব রুটে চলাচলকারী যাত্রী ও মহানগরের দক্ষিণ দিকের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
কুমিল্লা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বলেন,‘বৃহস্পতিবার মহানগরীর পদুয়ার বাজারে চাঁদাবাজরা সদর দক্ষিণ থানার ওসির উপস্থিতিতে কুমিল্লা জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মোতাহের হোসেনের ওপর হামলা করে। আমরা হামলাকারীদের গ্রেফতার করে বিচার ও ওসি প্রশান্ত পালের প্রত্যাহার দাবি করছি। শুক্রবারের মধ্যে দাবি আদায় না হলে শনিবার জেলা জুড়ে কর্মবিরতি পালন করা হবে।’
এ দিকে কিছুক্ষণের মধ্যে টার্মিনালের সামনের সড়কের অবরোধ সরিয়ে ফেলা হবে বলেও তিনি জানান।
জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের কার্যকরী সভাপতি কবির আহমেদ বলেন, ‘শ্রমিক নেতাদের মারধর এবং বাস ভাঙচুরের কারণে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়েছে। কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) শেখ শাহজাহান আলোচনার জন্য আমাদের ডেকেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় আমরা তার সঙ্গে আলোচনায় বসবো।’
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার শেখ শাহজাহান বলেন, ‘রাতে এ বিষয়ে আলোচনার জন্য মালিক ও শ্রমিক নেতাদের ডাকা হয়েছে। এর মধ্যে কর্মবিরতি ও সড়ক অবরোধের কোনো যৌক্তিক কারণ দেখছি না।’
ওসি প্রত্যাহারের দাবির বিষয়ে তিনি বলেন, ‘ওসি দোষি কিনা তা তদন্ত করে দেখতে হবে।’
জেআই





