অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

বৃহস্পতিবার রাজধানীর দুদকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। দুদকের উপ-পরিচালক রাম মোহন নাথ তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এ জিজ্ঞাসাবাদ দুপুর পর্যন্ত চলবে বলে জানা গেছে।

দুদক সূত্র জানায়, এলডিপি নেতা অলি আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। তিনি কমিশনে সম্পদ বিবরণী দাখিল করলে তা পর্যালোচনা করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ সম্পদ বিবরণী দাখিল করতে দুদকে হাজির হয়েছিলেন।

সেই সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘১৯৯৬ সালে দুদকে আমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল। সেই ধারাবাহিকতায় আমাকে সম্পদ বিবরণীর নোটিশ করা হয়। দেশের একজন সুনাগরিক হিসেবে আমি আমার সম্পদ বিবরণী দাখিল করেছি।’

এএইচ