চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর নোয়াগাঁও এলাকায় কুকুরের কামড়ে ৮ মাদ্রাসাছাত্র আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- এখতিয়ার হোসেন (৭), সালমা আকতার (৭), মো. বাদশা (৭), মো. সোহেল (৮), মো. ফাহিম (৮), মো. রাকিব (৮), সুমাইয়া আকতার (৯) ও সালমা আকতার (৯)।

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, শিশুরা সবাই নোয়াগাঁও এবতেদায়ী মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। তারা দুষ্টুমি করে ঢিল মারলে কুকুরটি হঠাৎ তাদের উপর্যুপরি কামড় দিতে থাকে। পরে কুকুরটিকে স্থানীয়রা মেরে ফেলে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম মজুমদার জানান, কুকুরের কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হরতালের কারণে পুলিশ প্রহরায় তাদের হাসপাতালে পাঠানো হয়।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পৌরসভা কর্তৃপক্ষকে কুকুরের ভ্যাকসিন দেয়ার পদক্ষেপ নিতে বলেছেন বলে তিনি জানান।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. এহছান হামিদ বলেন, রাঙ্গুনিয়ার ৮ শিশুসহ আরও ৩ জনকে সকাল সাড়ে ১১টার দিকে ভ্যাকসিন দেয়া হয়। এর পর তারা যে যার বাসায় চলে যায়।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ