আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার একটি পোশাক কারখানার খাবার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ৮টায় নিশ্চিন্তপুর এলাকার জনরন সোয়েটার নামের পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক রাজু মিয়া জানান, বুধবার রাত ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ প্রতিদিনের মতো শ্রমিকদের নাস্তা খেতে দেন। খাবারের ছিল কলা, রুটি আর ডিম। খাওয়ার কিছুক্ষণ পর শ্রমিকদের বমি বমি অনুভব হয়। এর পর থেকে একে একে অসুস্থ্ হতে থাকেন শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র, নাইটঙ্গেল মেডিকেল কলেজসহ আশপাশের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
কারখানার শ্রমিক তানিয়া আক্তার জানান, খাবার খাওয়ার মিনিট দশ পর থেকেই পেটে ব্যথা অনুভব করেন তারা। এর পরপরই বমি শুরু হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পরেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক জানান, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার ফলে শ্রমিক আসুস্থ্ হওয়ার ঘটনা ঘটেছে।
এএইচ





