মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে অবস্থিত মাছের খাবার তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার মালিক।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কারখানার মালিক আলমাছ হোসেন বলেন, রাতে হঠাৎ কারখানার ভেতরে আগুন লেগে যায়। এতে আমার মাছের খাবার তৈরির মেশিন ও ৪শ’ বস্তা রাইস, পালিশসহ প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি মেহেরপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
মেহেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরির্দশক সেলিম রেজা জানান, জোড়পুকুরিয়া বাজারে মাছের খাবার তৈরির কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।
তিনি জানান, আগুনে ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া পুড়ে যাওয়া গোডাউন থেকে প্রায় ৩০/৩৫ লাখ টাকার মাছের খাবার তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়।
কেএইচ





