রাজধানী মিরপুর ৭ নম্বর সেকশনের চলন্তিকা মোড়ের কাছে একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) আগুন লাগার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর রাত ১০টা ৩০মিনিটের দিকে এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করেছে। র্যাব, পুলিশ, ওয়াসা ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় আহত ৪ জনের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন- রফিক, কবির (৩৫) ও হাবীব (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনে এর মধ্যেই পুড়ে গেছে কয়েক শ বাসা-বাড়ি। আগুনে ক্ষতিগ্রস্ত বস্তির বাসিন্দারা রাস্তায় বসে আহাজারি করছেন। খুব কম বস্তিবাসীই নিজের আসবাবপত্র রক্ষা করতে পেরেছেন।
বস্তির বাসিন্দা মাহমুদা আক্তার বলেন, সন্ধ্যার দিকে দুই ছেলেকে নিয়ে বাসাতেই ছিলেন। এর মধ্যেই হঠাৎ আগুন লেগেছে বলে হইচই শুনতে পান। চিৎকার শুনে বাইরে বেরিয়ে দেখেন, আক্তার মিয়ার বস্তি এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রাণ বাঁচাতে ছেলেদের নিয়ে দৌড়ে আরামবাগ আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে চলে আসেন।
মাহমুদা বলেন, জানটা নিয়া বাইর হয়ে আসছি শুধু। আর কিছুই বাঁচাতে পারি নাই। টিভি, ফ্রিজ, আসবাবপত্র সব আগুনে পুড়ে গেছে। যখন দৌড়ে পালাই, আগুন যেন আমাদের তাড়া করছিল। আমরা যত দৌড়াই, আগুনও তত পেছন পেছন ছুটে আসে। মুহূর্তের মধ্যেই সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বস্তিটা অনেক বড় এলাকা জুড়ে হওয়ায় আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলতে হবে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করেছে।
আগুন নিয়ন্ত্রণে দেরির কারণ জানতে চাইলে তিনি বলেন, এখানে কোনো পানির উৎস পাইনি। পুকুর, খাল বা অন্য কোনো উৎস না থাকায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। তার পরও ফায়ার সার্ভিসের ২২ হাজার লিটারের পাঁচটি গাড়ি কাজ করেছে।
এমবি





