জয়দেবপুর থেকে ১৩টি পেট্রোল বোমা ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গাজীপুরে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে জয়দেবপুর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- স্থানীয় লক্ষীপুরা এলাকার চাঁন মিয়ার ছেলে মনির হোসেন (২৮) ও একই এলাকার হাবিল মিয়ার ছেলে সাগর মিয়া (২০)।
র্যাব-১-এর লে. কমান্ডার কাজী শোয়াইব জানান, জয়দেবপুর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দ্যেশে কয়েকজন অবস্থান করছে এমন সংবাদের সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চান্দনা মধ্যপাড়া এলাকায় তাদের সহযোগি পলাতক আসামি মো. শফিকুল ইসলাম ওরফে খোকনের (৩০) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে খোকন পালিয়ে গেলেও তার ঘরের তোষকের নিচ থেকে পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজসে ধান গবেষণা ইনস্টিটিউট, শিববাড়ী মোড়, কালিয়াকৈর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে পেট্রোল বোমা সরবরাহপূর্বক নাশকতা সৃষ্টি করে আসছে বলেও জানান কাজী শোয়াইব।
তিনি আরও জানান, আটক মনির গাজীপুর সিটি করপোরেশনের মেয়রপন্থী যুবদলের কর্মী। সাগর ইলেক্ট্রিশিয়ানের কাজ করে এবং বিভিন্ন সময় ভাড়ায় বোমা ছোঁড়াসহ গাড়ি ভাঙচুরের কাজে অংশ নেয়। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
জেআই





