ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ ও তাদের প্রতিদ্বন্দ্বিতার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে তাগিদ দিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সিটি নির্বাচনবিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তাগিদ দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. তালেয়া রেহমান বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন। যেহেতু দীর্ঘদিন পর একটি নির্বাচন হচ্ছে তা গ্রহণযোগ্য করতে সকলকে এগিয়ে আসতে হবে। যেন ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

ইলেকশন ওয়ার্কিং গ্রুপের স্টান্ডিং কমিটির সদস্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, যদিও স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হয় না। তারপরও দলীয় প্রতীক ব্যবহার করা ছাড়া আর সব কিছুই হয়। তবে এই নির্বাচনে সবার অংশগ্রহণ আমাদের আশা। কারণ নির্বাচন গ্রহণযোগ্য করতে সবার অংশগ্রহণ আবশ্যক।

পাঁচ জানুয়ারীর নির্বাচনকে উল্লেখ করে লিখিত বক্তব্যে ইডব্লিউজি পরিচালক ড. মো. আব্দুল আলীম বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা কমে গেছে। আশা করব এই নির্বাচনের মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে এনে মানুষের বিশ্বাসকে পুনঃপ্রতিষ্ঠা করবে।

ঢাকা সিটি করপোরেশন বিভক্ত হওয়ার পর প্রথম বারের মতো এই নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি নিশ্চিতের জন্য পৃথকভাবে ভোট গণনা ও প্রতিবন্ধীদের জন্য আলাদা ভোটগ্রহণের ব্যবস্থার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশনকে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইডব্লিউজির স্টান্ডিং কমিটির সদস্য ড. হারুন অর রশিদ, বিনয় কৃষ্ণ মল্লিক, এএই্চএম নোমান।

এএইচ