বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে পাঁচদিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলনের (২০-২৫ আগস্ট) আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে।

বৃহস্পতিবার ভারতের স্থানীয় সময় সকাল ১০টায় নয়াদিল্লিতে বিএসএফ সদর দপ্তরে এ বৈঠক শুরু হয়।গণমাধ্যমে পাঠানো বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, পিএসসি, জি এর নেতৃত্বে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছে।

বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে বিজিবির রংপুর, যশোর, সরাইল এবং চট্টগ্রাম রিজিয়নের কমান্ডারবৃন্দ, বিজিবি সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন।

অপরদিকে বিএসএফ মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠক, আইপিএস এর নেতৃত্বে ২২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের স্পেশাল ডিজি, বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি, ভারত সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাপ্রতিনিধিত্ব করছেন।

সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের গুলি, হত্যা, আহত করা, বাংলাদেশী নাগরিকদের গ্রেপ্তার,আটক, অপহরণ, নির্যাতন করা, বিজিবি সদস্যদের ওপর আক্রমণ, নাজেহাল করা, সীমান্ত লঙ্ঘন, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, বাংলাদেশে অনুপ্রবেশ, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য চোরাচালান, ফেনসিডিল, মদ, গাঁজা, হেরোইন, ভায়াগ্রা-সেনেগ্রাসহ মাদক ও নেশাজাতীয় দ্রব্য চোরাচালান, সীমান্তের দেড়শ গজের মধ্যে উন্নয়নমূলক ও নির্মাণ কাজ, পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় এবং বিবিধ বিষয়সমূহ।

আগামী ২৪ আগস্ট সম্মেলনের যৌথ্য আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স-জেআরডি) স্বাক্ষরিত হবে।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই