হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন অরণ্যে আবারও অস্ত্রের সন্ধানে নেমেছে র‌্যাব। শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের সদস্যরা সাতছড়ির গহিন অরণ্যের টিলায় টিলায় অভিযান পরিচালনা করছেন।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, সোমবার বিকাল থেকে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের সদস্যরা অতিগোপনে সাতছড়ির অরণ্যে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেন। তিনি জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত র‌্যাব সদস্যরা সাতছড়িতে অবস্থান করছিলেন।

১ জুন থেকে শুরু করে র‌্যাব কয়েক দফায় অভিযান চালিয়ে সাতছড়ির অরণ্য ও ত্রিপুরা পল্লির বাঙ্কার থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে। এরপর গত ২ সেপ্টেম্বর অভিযান চালিয়ে র‌্যাব আরও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

এ সব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় চুনারুঘাট থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এ মামলাগুলো তদন্ত করছেন থানার ওসি অমূল্য কুমার চৌধুরী।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই