উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমী লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। এদিকে আবহাওয়া অধিদফতরের বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এ অবস্থায় নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলার ও মাঝিরা। তবে স্বাভাভিক রয়েছে মংলা বন্দরের পণ্য ওঠানামা ও খালাশের কাজ।

শনিবারের বিশেষ আবহাওয়া বুলেটিন এ বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমী লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া অধিদফতরের বুলেটিনে।

উপকূলীয় মৎসজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী জানান, প্রচন্ড ঢেউ এবং সাগর উত্তাল থাকায় অধিকাংশ ট্রলার সাগরে টিকতে না পেরে উপকূলের সুন্দরবন, বাগেরহাট, মংলা ও শরণখোলাসহ নিজ নিজ এলাকায় চলে আসতে শুরু করেছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে যে সমস্ত ট্রলার মাছ ধরছিল সেগুলোও সাগর ছেড়ে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছে।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই