রংপুরে বিদ্যুতের দাবিতে নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ এর আশপাশের এলাকার বিক্ষুব্ধ এলাকাবাসী ও বেরোবি’র শিক্ষার্থীরা রংপুর-ঢাকা ও রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ফলে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটেছে। পরে রাত ১০টার দিকে বিদ্যুৎ আসলে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী ও বেরোবি’র শিক্ষার্থীরা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল তিনটা থেকে বিদ্যুৎ না থাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে।
মিজান, সুমনসহ স্থানীয় অনেকে জানান, নগরীর মডার্ন মোড়, পার্কের মোড়, ক্যাডেট কলেজ এলাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা ও দর্শনার মোড় এলাকায় দুপুর তিনটা থেকে বিদ্যুৎ ছিল না। বিদ্যুতের দাবিতে সন্ধ্যার পর রংপুর-ঢাকা ও রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখা হয়।
পরে রাত ১০টার দিকে বিদ্যুৎ আসলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ এলাকাবাসী ও বেরোবি’র শিক্ষার্থীরা।
ঢাকা, ১৪ জুলাইি (টাইমনিউজবিডি.কম) // জেআই





