তিনদিনের সফরে আজ বুধবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম সফরে বাংলাদেশে আসবেন বলে মনে করা হলেও তিনি প্রথমে গেছেন ভুটান। মোদি সরকারের পক্ষ থেকে সুষমা স্বরাজকে ঢাকায় পাঠানো হচ্ছে। তাই এটা ‘শুভেচ্ছা সফর’ হলেও বাংলাদেশ বেশ গুরুত্ব দিয়েই দেখছে এ সফরকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বুধবার (২৫ জুন) রাত সাড়ে ১০টায় সুষমা স্বরাজ ঢাকা আসবেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ চৌধুরী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।
এটাই সুষমা স্বরাজের প্রথম একক বিদেশ সফর। বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি নানা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

এ সফরে উত্তর-পূর্ব ভারতে ব্যান্ডউইথ রফতানি চুক্তিসহ তিস্তার পানিবণ্টন চুক্তি, স্থলসীমান্ত চুক্তি এবং মৈত্রী ট্রেন সংখ্যা বৃদ্ধির মাধ্যমে রেল যোগাযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

অন্যান্য যেসব বিষয় আলোচনায় উঠে আসবে বলে মনে করা হচ্ছে, তার মধ্যে আছে নদী, পরিবহন, রেল সংযোগ, শিলং হয়ে ঢাকা-গৌহাটি বাস সার্ভিস। বাংলাদেশের নির্বাচিত নাগরিকদের জন্য ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’ এবং ‘ওয়ার্ক পারমিট’ দেওয়ার বিষয়গুলো।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ভারতে নতুন সরকার গঠিত হয়েছে। এক্ষেত্রে এটি একটি শুভেচ্ছা সফর। এই শুভেচ্ছা সফরে পলিসি লেভেলের কিছু বিষয় আলোচনা হতে পারে, সুনির্দিষ্টভাবে ইস্যুভিত্তিক কোনো আলোচনার সময় এখনও আসেনি। সফর পরবর্তী সময়ে ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হবে।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি আমন্ত্রণপত্রও তুলে দেবেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ