কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশু হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবদুল আউয়াল।
মামলা বিবরণে জানা যায়, ২০০৩ সনের ৪ মে শিশু গোবিন্দ চন্দ্র বণিক (৬) ব্রাহ্মণপাড়া বাজারে পান কিনতে গিয়ে আর বাড়িতে ফিরে না আসায় এলাকায় মাইকিং করে তার পরিবার।
পরদিন অনেক খোঁজাখুঁজির পর মোশারফ হোসেন খান কলেজের পাশে সুরুজ মিয়ার ধানখেতে গোবিন্দ বণিকের লাশ পাওয়া যায়।
সম্পত্তির সংক্রান্ত বিরোধের জের ধরে শিশু গোবিন্দ চন্দ্র বণিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদরের মৃত বীরেন্দ্র চন্দ্র বণিকের দুই ছেলে নেপাল চন্দ্র বণিক ও অমর চন্দ্র বণিক, নেপাল চন্দ্র বণিকের ছেলে রাজীব চন্দ্র বণিকসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওই দিনই ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত গোবিন্দ বণিকের বাবা নান্টু চন্দ্র বণিক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণপাড়া সদরের মৃত রবীন্দ্র চন্দ্র বণিকের ছেলে সমীর চন্দ্র বণিক এবং একই উপজেলার কল্পবাস গ্রামের টুনু মিয়ার ছেলে আবদুল কুদ্দুসের নাম যুক্ত করে ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
এ মামলায় ১৯ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি রাজ্জাকুল ইসলাম ও আবুল কালাম আজাদ। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন কাজী মো. আবুল ফজল ও মো. মফিজুল ইসলাম।
কেএইচ





