খুলনায় শুরু হওয়া তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় ‘সেবা, উন্নয়ন ও উদ্ভাবনে আমরা’ স্লোগান নিয়ে খুলনা টিভি ডটকম’র উদ্বোধন করা হয়।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে নগরীর সার্কিটহাউস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত খুলনা টিভি ডট কমের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এ মেলা শুরু হয়েছে, চলবে শনিবার (২৮ জানুয়ারি) পর্যন্ত। চালু হওয়া এ টিভি চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা খুলনার সরকারি প্রতিষ্ঠানের সেবা, উন্নয়নমূলক কর্মকান্ড এবং উদ্ভাবন জনগণের সামনে তুলে ধরা হবে। পরবর্তী ২১ ঘণ্টায় সাতবার অনুষ্ঠানগুলো পুনঃপ্রচার করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ বলেন, বিজ্ঞান হচ্ছে এমন একটি বিষয় যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে। বর্তমানে কৃষি, ব্যবসা, পড়াশুনা, চাকরিসহ সবকিছুতেই তথ্য-প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এর মাধ্যমে বর্তমানে দেশের প্রায় ৫৬ লাখ মানুষ সেবা পাচ্ছেন। বাংলাদেশে এখন চার থেকে পাঁচ লাখ লোক ফ্রিল্যান্সিংয়ে কাজ করছেন এবং এক বিলিয়ন ইউএস ডলার আয় করছেন।

কিন্তু ভারত এ খাতে আয় করছে পাঁচশো বিলিয়ন ডলার। এ সেক্টরে কর্মসংস্থানের প্রচুর সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য প্রয়োজন কার্যকর উদ্যোগ গ্রহণ। তিনি তরুণদের আইসিটিকে মনে প্রাণে গ্রহণ করে এর সঙ্গে যুক্ত হবার আহ্বান জানান।

খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা। পরে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক পদক ২০১৬ মনোনীতদের মধ্যে পদক বিতরণ করেন।

১৩টি ক্যাটাগরিতে পদকপ্রাপ্তরা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ক্যাটাগরিতে (শিক্ষা ও আইসিটি) গিয়াস উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে (বর্তমানে চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত)।

সহকারী কমিশনার (ভূমি) ফুলতলার মোছা শাহনাজ বেগম (বর্তমানে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে কর্মরত। সহকারী কমিশনার ক্যাটাগরিতে জেলা প্রশাসকের কার্যালয়ে (আইসিটি) কর্মরত ফেরদৌস ওয়াহিদ।

সহকারী প্রোগ্রামার দিঘলিয়া উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সমীর বিশ্বাস। অন্য দফতরের কর্মকর্তা ক্যাটাগরিতে জেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামান এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন।

উচ্চমান সহকারী/অফিস সহকারীতে ডিসি অফিসের আইসিটি শাখার জি এম সাহিদুল হাফিজ (বাছেত) ও জেলা নাজির খান আনিসুজ্জামান।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যাটাগরিতে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ জোদ্দার। ইউনিয়ন পরিষদ সচিব এ ফুলতলা উপজেলার দামোদর ইউপি সচিব এস এম রাজিবুল ইসলাম।

ইউডিসি উদ্যোক্তা (পুরুষ ও নারী) পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউডিসি উদ্যোক্তা মনিরুল ইসলাম ও বটিয়াঘাটা উপজেলার গঙ্গারাম ইউডিসি উদ্যোক্তা মায়া রাণী মন্ডল।

মামুন/এমএনজে