আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি নির্ধারণ করতে সংলাপের অংশ হিসেবে আজ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে ৪০ জন বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হবে।

এর আগে গত ১৩ মার্চ সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসে। ওই সংলাপে ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হলেও মাত্র ১৩ জন অংশ নিয়েছিলেন। এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে চার কমিশনারসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা অংশ নেবেন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘দ্বিতীয় দফার বৈঠক সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হবে।’

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হলে ২৬ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ বেগম রাশেদা সুলতানা ও সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর এবং মো. আনিছুর রহমানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নতুন কমিশন ২৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে এর পরদিন থেকে অফিস শুরু করেছেন।

এবিএস