ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের খালাতো ভাই তারেক সালাম বাবলুর (৪৫) আংশিক গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হালিশহর শান্তিবাগ এলাকার নিজ ফ্ল্যাট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাবলু প্রয়াত শিল্পপতি এম এ সালামের ছেলে। তিনি ওই এলাকার এলাকার সাইমা ভ্যালি অ্যাপার্টমেন্টের নবম তলার ৮/সি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন।

ওসি মাহফুজুর রহমান বলেন, ‘পাশের ফ্ল্যাটের বাসিন্দারা বাবলুর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এমন খবর দিলে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে যায়। পরে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে খাটের ওপর তার লাশ পড়ে থাকতে দেখে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনও কারণ এখনও পাইনি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও মামলা দায়ের করা হয়নি। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মামলা দায়ের করা হবে।’

মাহফুজুর রহমান আরও বলেন, ‘পরিবার সূত্রে আমরা জেনেছি তিন দিন আগে তার পরিবারের সদস্যরা তাকে বাসায় রেখে ঢাকায় যান। এরপর থেকে তার বাসার দরজা বন্ধ ছিল।’

এমএনজে