সিলেটে জুয়া খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার রাত সোয় ১০টার দিকে নগরীর বালুচর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করেছেন।

আহত ছাত্রলীগ কর্মী সাজ্জাদ (১৭) মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে নগরীর মজুমদারী এলাকায় বাসিন্দা জান্নাত শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগ ক্যাডার সবুজ, রশিদ, হারুন, রিপন, একলাসসহ আরো ৭ থেকে ৮ জন নগরীর ছড়ারপাড় এলাকায় ডিজিটাল জুয়ার আসার বসায়। এ সময় ছাত্রলীগ নেতা ছয়েফ অনুসারী কয়েকজন নেতাকর্মী গিয়ে তাদের জুয়ার আসর ভেঙে জোয়ার বোর্ড ও টাকা ছিনিয়ে নিয়ে আসে। ছাত্রলীগ কর্মী সাজ্জাদও এ সময় উপস্থিত ছিলেন।

এর জের ধরে রাত সোয়া ১০টার দিকে বালুচর ২নং মসজিদের পাশে জজের বাড়ির মাঠে সাজ্জাদকে একা পেয়ে ছুরিকাঘাত করে জুয়াড়ি পক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। দোষীদের আটক করতে পুলিশ অভিযানে নেমেছে। তবে এখনো থানায় কোনো ধরনের অভিযোগ আসেনি।

এমই