রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম কালাম (৩৫)। তার বাবার নাম মৃত কদম আলী। বাড়ি গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরকানাপাড়া গ্রামে।

গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময় ভারতের কানাপাড়া ফাঁড়ির বিএসএফ জওয়ানের গুলিতে কালাম মাথায় গুলিবিদ্ধ হন।

তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। লাশ বর্তমানে রাজপাড়া থানার নিয়ন্ত্রণে রয়েছে। সকালে সুরতহাল শেষে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

নিহতের ভাই তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে বাংলাদেশের সাহেবনগর বিজিবি ফাঁড়ির নিকটবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার কাছে তার ভাইকে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালামসহ আরও তিন বাংলাদেশী সীমান্তে কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে ছোট ছোট গরু পার করছিল।

এ সময় ভারতের কানাপাড়া ফাঁড়ির বিএসএফ জওয়ানরা গুলি করলে কালামের মাথায় গুলি লাগে।

এআই