ভারতীয় টিভি সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’খ্যাত এবারের ঈদের জনপ্রিয় পোশাক ‘পাখি’না পেয়ে হালিমা খাতুন (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাসবাজার-বিশ্বনাথপুর গ্রামে।

মৃত কিশোরী ওই গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে এবং স্থানীয় মাহিদুর রহমান উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

প্রতিবেশীরা জানায়, আম ব্যবসায়ী আব্দুর সাত্তারের মেয়ে হালিমা ২ সপ্তাহ আগে বাবার কাছে এবারের ঈদে 'পাখি থ্রিপিস' কিনে দেয়ার আবদার করে। বাবা তাকে কয়েকদিন পর জামাটি কিনে দেবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু জামা কিনে দিতে দেরি হওয়ায় গত ৯ জুলাই কিশোরী হালিমা নিজের ঘরে অভিমানে গলায় ফাঁস দেয়।

বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভর্তির কয়েকদিন পর চিকিৎসকরা জানান হালিমা আশঙ্কামুক্ত। এ অবস্থায় গত রোববার সকালে হালিমাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু এরপর থেকে সে স্বাভাবিকভাবে কথা বলতে ও পুরোপুরি সুস্থ হতে পারেনি।

এ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান মঙ্গলবার দুপুরে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ