ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট গ্রহণ হবে আগামী ৩০ জানুয়ারি। আজ নির্বাচন কমিশন দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আজ রোববার (২২ ডিসেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
তিনি বলেন, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর (মঙ্গলবার), মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি (বৃহস্পতিবার)। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি (শুক্রবার)। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।
২০১৫ সালে ঢাকার দুই বিভক্ত সিটির প্রথমবার ভোট হয়েছিল ২৮ এপ্রিল, ওই দিনটি ছিল মঙ্গলবার। আর উত্তরের মেয়র আনিসুক হক মারা গেলে উপ-নির্বাচন হয়েছিল চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি, দিনটি ছিল বৃহস্পতিবার। ২০২০ সালের জানুয়ারির ৩০ তারিখ বৃহস্পতিবার। ৩১ জানুয়ারি শুক্রবার। ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি/সমমান পরীক্ষা রয়েছে। এক্ষেত্রে ৩১ জানুয়ারি ইসির পক্ষে সম্ভব নয়।
ডিএনসিসিতে সম্ভাব্য ভোটকেন্দ্র আছে ১ হাজার ৩১৮টি। ভোটকক্ষ আছে ৭ হাজার ৮৪৪টি ভোটকক্ষ রয়েছে। সম্ভাব্য ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন।
ডিএসসিসিতে সম্ভাব্য ভোটকেন্দ্র আছে ১ হাজার ১৫০টি। আর ভোটকক্ষ আছে ৬ হাজার ৬২২টি। এ সিটিতে সম্ভাব্য ভোটার ২৪ লাখ ৫৪ হাজার ৮৮৬ জন।
নির্বাচনে ইভিএম ব্যবহার বাস্তবায়ন করছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
এএস





