রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি সরণিতে বাসের ধাক্কায় মো. ফয়সাল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার দুপুরে ওই এলাকার পুরাতর থানা রোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ফয়সালের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বন্ধু পরিবহনের একটি বাস ফয়সালের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা অপর আরোহী ফোরকান এবং অজ্ঞাত পরিচয়ে এক ভ্যান চালক আহত হয়েছেন বলে জানান ওসি মজিদ।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

এসএইচ