আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার দলের নেতা ও স্বজনরা তার অসুস্থতার যে চিত্র তুলে ধরেন, চিকিৎসকদের অবজারভেশন তেমন নয়।
ওনার শারীরিক অবস্থা নিয়ে তারা যতটা না উদ্বিগ্ন, তারা চেয়ে এ অসুস্থাকে নিয়ে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। এটা নিয়ে তাদের দুরভিসন্ধি রয়েছে।
আজ শনিবার সকালে ফেনীতে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী নজরদারিতে রয়েছেন। যার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলবে তার বিরুদ্ধেই নেয়া হবে ব্যবস্থা।
মন্ত্রী বলেন, দু’বছর হয়ে গেছে তিনি কারাগারে, বিএনপি খালেদার জিয়ার মুক্তির জন্য চোখেপড়ার মতো কোনো আন্দোলন করতে পারেনি। তারা আন্দোলন করে তাদের নেত্রীকে কারামুক্ত করতে পারলে করুক, আমার আপত্তি নেই। তারা শুধু হাঁকডাক দিতে পারে। আন্দোলন করতে পারে না।
তিনি জানান, নুসরাত হত্যা মামলার রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশে বিচার ব্যবস্থা স্বাধীন। সেখানে আওয়ামী লীগের দুই নেতাও মৃত্যুদণ্ডের সাজা পেয়েছে বলে জানান ওবায়দুল কাদের। বিকেলে জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলেন যোগ দেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আওয়ামী লীগের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মামলার ব্যাপারে কঠোর অবস্থানে ছিলেন জানিয়ে কাদের বলেন, এ মামলায় দোষী সাব্যস্ত ১৬ জনের সবার ফাঁসি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের স্থানীয় এক সভাপতিও ছিলেন, তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়নি। সেও ফাঁসির রায় পেয়েছে। এ থেকে প্রমাণ হয় অপরাধী যেই হোক তার নিস্তার নেই।
এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী, অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) সুমনী আক্তার, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌর সভার মেয়র হাজি আলাউদ্দিন, প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান, নোয়াখালী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুর রহিম।
এএস





