কুমিল্লায় মাটির নিচ থেকে আরো সহস্রাধিক গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার জেলার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের ঘোষপা গ্রামের একটি সবজি ক্ষেতে গর্ত খোড়ার সময় পাওয়া এসব গুলি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। এর আগে ২০১০ সালে ওই উপজেলার শীলমুড়ি ইউনয়নের বালুয়া গ্রাম থেকে ৮ হাজার ৩০টি তাজা গুলি উদ্ধার করা করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘোষপা গ্রামের কৃষক সিরাজুল ইসলাম (৩৫) রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তার কৃষি জমিতে সবজির মাচা তৈরির জন্য গর্ত খুড়ছিলেন। এসময় তিনি মাটির নিচে কয়েকটি গুলি (বুলেট) দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি স্থানীয় ইউপি মেম্বার, ইউপি চেয়ারম্যান ও বরুড়া থানা পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে ওই গর্ত থেকে ১ হাজার ৮০টি গুলি উদ্ধার করে।
বরুড়া থানার ওসি নাসিরউদ্দিন মৃধা জানান, উদ্ধারকৃত গুলি চাইনিজ থ্রি-নট-থ্রি রাইফেলের এবং এসব গুলির উপরাংশে পিওএফ (পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি) লেখা রয়েছে এবং এগুলো একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে বলে পুলিশের ধারণা।
জেআই





