আশুলিয়া শিল্পাঞ্চলের ডেন্ডাবর এলাকায় চার্জে দেয়া একটি মোবাইল সেট বিস্ফোরিত হয়ে এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ওই দম্পতির প্রতিবেশীরা জানায়, শনিবার ভোর ৫ টার দিকে জাফর মিয়া (৪৩) ও তার স্ত্রী দুলালি বেগমের (৩৫) ডাক চিৎকারে তাদের বাসায় গিয়ে দেখতে পান মোবাইল সেট বিস্ফোরণের কারণে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

এ সময় তাদের উদ্ধার করে প্রথমে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধ জাফর মিয়া ও দুলালী বেগম কুড়িগ্রামের নাগেশ্বরী থানাধীন রুইয়ের নাগ এলাকার বাসিন্দা। জাফর মিয়া বেরন এলাকার এনভয় পোশাক কারখানার সিকিউরিটি গার্ড ও তার স্ত্রী দুলালী বেগম প্রিয়া সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত।

বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ আলী জানান, জাফর মিয়া শুক্রবার দিবাগত রাতে মোবাইল চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে তার মোবাইলে একটি কল আসে।

এ সময় তিনি মোবাইলটি চার্জে থাকা অবস্থায় রিসিভ করেন। এতে হঠাৎ বিকট আওয়াজে মোবাইলতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

এসময় পাশে থাকা তার স্ত্রী জাফরের সাহায্যে এগিয়ে আসলে তিনিও আগুনে দগ্ধ হয়। এতে জাফর মিয়ার মুখ, কান, মাথাসহ বুকের প্রায় ৭০ শতাংশ এবং দুলালী বেগমের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানান চিকিৎসকরা।

জাফরের মামাতো ভাই আদম আলী জানান, ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন, জাফরের অবস্থা আশংকাজনক।

জারিফ