সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের নাজিরারটেক পয়েন্ট থেকে ২৪ যুবককে আটক করেছে কোস্ট গার্ড। এসময় তাদের পরিবহণে ব্যবহৃত কাঠের ট্রলারটিও জব্দ করা হয়। রোববার সকালে বাঁকখালী মোহনার নাজিরারটেক পয়েন্টে কোস্ট গার্ড এ অভিযান চালায়।

আটক যুবকরা হলেন কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকার মো. হোসেনের ছেলে আরিফ,  একই এলাকার মোজাম্মেলের ছেলে মিজান, সূর্য শর্মার ছেলে সুধীর শর্মা, রামুর নন্দিখালী এলাকার জাফর আলীর ছেলে বাবু, উখিয়া উপজেলার আবদুল্লাহর ছেলে শহীদুল্লাহ , একই এলাকার জাফর আলমের ছেলে কামাল, মো. সেলিমের ছেলে আলী হোসেন, বগুড়া জেলার আবদুর রহমানের ছেলে সায়েদুর রহমান, ইয়াকুব আলীর ছেলে আইয়ুব আলী, ফরিদুল আলমের ছেলে রুবেল, মৃত আমিনুল ইসলামের ছেলে রায়হান হোসেন, ঝিনাইদহের ইমন আলীর ছেলে  ফারুক হোসেন, একই এলাকার মতলব মন্ডলের ছেলে রিজু, দলিল উদ্দীনের ছেলে ফিরোজ আহমেদ, চাঁদপুরের আলী আব্বাসের ছেলে ইমরান হোসেন, টেকনাফের সৈয়দ হোসেনের ছেলে রহমত উল্লাহ , যশোরের জরাদতের ছেলে বাবলু , একই এলাকার সায়েদ আলীর ছেলে সবুজ হোসেন, হাফিজুর রহমানের ছেলে মেহেদী হাসান, সৈয়দ আলীর ছেলে মুর্তজা, মোরশেদ আলমের ছেলে জাহাঙ্গীর আলম, আবেদ শিকদারের ছেলে হালিম, বাবু আলী মোল্লার ছেলে জুয়েল  ও নুরুল ইসলামের ছেলে হুমায়ন কবির।

তবে এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আটক যুবকদের পাচারে জড়িত দালালরা পালিয়ে যেতে সক্ষম হয়। ট্রলারসহ আটক যুবকদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এ আক্তার এ ব্যাপারে জানান, প্রতিদিনের মতো রোববারও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে টইলে বেশ কয়েকটি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় একটি কাঠের তৈরি বোটে মালয়েশিয়াগামী ২৪ যুবককে পেয়ে তাদের আটক করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মাহফুজুর রহমান জানান, কোস্ট গার্ড কর্তৃক আটক হওয়া যুবকদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জেআই