বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটূক্তি করার প্রতিবাদে জেলা বিএনপির একাংশের কার্যালয়ে সাইনবোর্ড ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় অফিসের দেয়ালে আঁকা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি মুছে ফেলেন তারা।

বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে জেলা বিএনপির একাংশের কার্যালয়ে (সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু গ্রুপের) মঙ্গলবার দুপুর ১টার দিকে ভাংচুর চালায়।

ভাংচুরের এক পর্যায়ে তারা জেলা বিএনপি অফিসের সাইনবোর্ড, ব্যানার ও পোস্টার ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে অফিসের দেয়ালে আঁকা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি মুছে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে দেয়।

জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছে তাদের ছবি ও রাজনীতি গোপালগঞ্জের মাটিতে থাকা উচিত নয়।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুনসুর আলী জানান, ‘দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে স্ব-অবস্থানে থেকে রাজনীতি করে আসছি। হঠাৎ আমাদের অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এটা সুষ্ঠুধারার কোনো রাজনীতি নয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, ‘ছাত্রলীগের কিছু নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছে। তবে কেউ থানায় অভিযোগ করেনি। এ ঘটনার পর অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এমকে