ফেনীতে বিএনপির ডাকা আধাবেলার হরতালের সময় জিল্লুর রহমান নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।
সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন (৩৫) হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার আধাবেলার হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি।
হরতালের শুরুতে সকাল ৬টার দিকে শহরের এসএসকে রোড়, খাজুরিয়া রাস্তার মাথা ও মহিপালে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল কর্মীদের।
সকাল ৮টায় জেলা ছাত্রদলের সভাপতি নইমুল্লাহ বরাতের নেতৃত্বে হরতালের সমর্থনে প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ট্যাংক রোড খেজুর চত্বরে পৌঁছালে পুলিশি তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে অন্যান্য দিনের মতো যানবাহনের চাপ না থাকলেও ব্যাটারি চালিত অটোরিকশা, টমটম ও ইমা চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা শহরের সঙ্গে উপজেলা শহরের অভ্যন্তরীণ রুটে কিছু গাড়ি চলছে।
উল্লেখ্য, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবলু ও আলমের নেতৃত্বে একটি দল মঙ্গলবার বিকালে সেচ্ছাসেবক দল নেতা মনির হোসেনকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান।
সন্ধ্যা ৭টার দিকে তারা মনির হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে পাশের সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণপুর ইউনিয়নের হিন্দু পাড়ায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। এসময় মনিরের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতেই মনিরের মৃত্যু হয়।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





