বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হককে (৫০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল ৮টার দিকে এলকার একটি ধানখেত থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।

শামছুল হক ধুনট উপজেলার রাঙ্গামাটি দিদার পাড়া গ্রামের মৃত মোজাহার আলী মন্ডলের ছেলে।

পুলিশ জানান, রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত শামছুল হক রাঙ্গামাটি বাজারে একটি চায়ের দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধানখেতে ফেলে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামছুল হকের মেয়ের জামাই মাসুদ রানার ৬১ শতাংশ জমি নিয়ে তার শরিকদের সঙ্গে বিরোধ চলছিল। শামছুল হক তার মেয়ের জামাইয়ের পক্ষ নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করে আসছিলেন। রোববার এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এম এ তারেকের উপস্থিতিতে গ্রামে শালিস বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিরোধ আপোষ মীমাংসা করা হয়।

আগামী বৃহস্পতিবার রেজিস্ট্রি দলিল করার কথা ছিল।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এএইচ