জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে সব স্বাস্থ্য বিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন বা বাজেট অধিবেশন চলবে।

বুধবার (১০ জুন) অধিবেশনের শুরুতে তিনি এই কথা জানান। স্পিকারের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

বাজেট অধিবেশন অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিরীন শারমিন চৌধুরী বলেন, “বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে সব স্বাস্থ্য বিধি অনুসরণ করে, মাস্ক ও গ্লাভস পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে এ অধিবেশন চলবে। অধিবেশনের সব সদস্য গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে বাজেট অধিবেশনকে কার্যকর ও সক্রিয় করে তুলবেন।”

তিনি বলেন, “সরকারি ও বিরোধীদলের সদস্যরা অংশ নেবেন। আগামী ২৯ জুন অর্থবিল ও ৩০ জুন জাতীয় বাজেট পাস হবে। এবারের অধিবেশন সীমিত সময়ের জন্য অনুষ্ঠিত হচ্ছে।”

অধিবেশনের জন্য নির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- কর্নেল (অব.) ফারুক খান, এবিএম তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশিদ ও মেহের আফরোজ চুমকী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ অধিবেশন পরিচালনা করবেন।

এমবি